মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় খালে উল্টে পড়া একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের তাৎক্ষণিক উদ্ধার করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কেয়ারী ঘাট সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির পাশের সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: কক্সবাজার-জ-১১-০২৩২) নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

বিজিবি সদস্যদের সাহসিকতা, পেশাদারিত্ব ও তৎপরতার ফলে বাসে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। দুর্ঘটনায় দুইজন নারী ও এক শিশু গুরুতর আহত হন। আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিজিবি সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ। ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *