মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা

অনলাইন ডেস্ক:

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার (২৩ নভেম্বর) আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান এ আদেশ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে মামলাটি করেন। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত আদেশের অপেক্ষা রয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর আদালত রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। আদালতের নোটিশ জারিকারক কর্মকর্তা তাঁর বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়ার প্রতিবেদন দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। পরে হরিয়ানার গুরুগ্রামে রাঠির ঠিকানায় নতুন করে সমনও পাঠানো হয়েছিল।

আদালতে রাঠির আইনজীবী জানিয়েছিলেন, তিনি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছিলেন তিনি। আদালত জানান, ২০১৯ সালের জুলাই মাসে প্রথমবার ধ্রুব রাঠির বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল।

মামলার সূত্রপাত ২০১৮ সালের মে মাসে। ওই সময় ধ্রুব রাঠি তাঁর ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে নিজের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামের ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে মানহানির মামলা দায়ের করেন।

সূত্র: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *