ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা এবং অন্যান্য কর্মকর্তা। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় আয়োজিত একটি কর্মশালায় অংশ নিতে তাঁরা রাজশাহীতে এসেছেন। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ‘এক্সপোজার ভিজিট, হরাইজন্টাল লার্নিং, ইভ্যালুয়েশন অ্যান্ড প্ল্যানিং ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সফরে রয়েছেন।