মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু

মোঃ মশিউর রহমান:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তিন হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য মো. আনিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ও এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নেপালসহ বিভিন্ন দেশে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সতর্কবার্তা।”

তিনি বলেন, “এই বাস্তবতায় মাভাবিপ্রবিতে তিন হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু করেছি। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হয়ে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *