বিনোদন ডেস্ক:
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর রোমাঞ্চকর জয় এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। মাঠের সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও। বাদ যাননি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।
নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ আনন্দঘন ছবি প্রকাশ করে অনুভূতি ভাগাভাগি করেন এই অভিনেত্রী। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, “আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।”
মেসি ও আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসা করে পূর্ণিমা আরও লেখেন, “যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।”
পূর্ণিমার এই আবেগঘন পোস্ট প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে আর্জেন্টিনার জয় উদযাপন করেন এবং লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানান।
মিসরের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার এই সাফল্য শুধু ফুটবল অঙ্গনেই নয়, দেশের বিনোদন জগতের তারকাদের মধ্যেও তৈরি করেছে উচ্ছ্বাসের নতুন ঢেউ।