মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বিশ্বাস (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মোঃ আনোয়ার হোসেন বিশ্বাস মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সুপরিচিত ছিলেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জোহর নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গাড়ফা উদয়পুর সম্মিলিত কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।