মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট ও হকার সমস্যার সমাধানে আগামী ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাসিক ভবনে নগরীর বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সভায় শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, নাসিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সমস্যা হলো যানজট এবং ফুটপাত দখল। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে অভিযান শুরু হয়ে তা ধারাবাহিকভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলবে।
তিনি আরও বলেন, অতীতে সমন্বয়ের অভাবে সমস্যাগুলো পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি। এবার সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
হকারদের বিষয়ে তিনি জানান, প্রকৃত হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে বিবি রোড হকারমুক্ত রাখা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।
এছাড়া শহরের যানজট নিয়ন্ত্রণে অটোরিকশা ব্যবস্থাপনাতেও নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়। শহরের ভেতরে চলাচলকারী অটোরিকশার জন্য পৃথক রঙের ডিজিটাল নাম্বার প্লেট চালু করা হবে এবং শহরের নির্দিষ্ট কিছু এলাকায় অটোরিকশা ও সিএনজি প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, বিকেএমইএ’র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ শাহিন, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রশাসনের এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পিতভাবে অভিযান পরিচালিত হলে শহরের যানজট ও ফুটপাত দখল অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে।