যুক্তরাষ্ট্রে হাম ছড়াচ্ছে, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়তে থাকায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) গভর্নর ক্যাথি হকুল এ ঘোষণা দেন। জরুরি অবস্থার মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত।

চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জুলাইয়ের পরই ৯২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বেশির ভাগই অঙ্গরাজ্যের ১৮টি গ্রামীণ এলাকার বাসিন্দা, যেখানে টিকাদানের হার তুলনামূলকভাবে কম।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। জরুরি অবস্থার আওতায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন হাম রোগীদের পরীক্ষার নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি ফার্মাসিস্টরা দুই বছর বয়সি শিশুদেরও হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দিতে পারবেন।

গভর্নর হকুল বলেন, টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব এমন কোনো রোগে মানুষের গুরুতর অসুস্থ হওয়া কিংবা প্রাণ হারানো উচিত নয়।

নিউইয়র্কের প্রতিবেশী পেনসিলভানিয়াতেও হামের বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত সেখানে ১ হাজার ৪টি সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং পাঁচজন মারা গেছেন।

এদিকে টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাতেও হাম ছড়িয়ে পড়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৩ হাজার ৯০০টি হাম শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর দেশটিতে হামের সংক্রমণের দিক থেকে ২০২৬ সালকে সবচেয়ে খারাপ বছর হিসেবে বর্ণনা করা হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা টিকাদানের গুরুত্বের ওপর জোর দিচ্ছেন। নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগও জানিয়েছে, হাম অত্যন্ত সংক্রামক হলেও সময়মতো এমএমআর টিকা নেওয়ার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা যায়।

২০০০ সালে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংক্রমণ বাড়ায় রোগটি আবারও জনস্বাস্থ্যের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

আগামী নভেম্বরে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) কর্মকর্তাদের বৈঠকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হামমুক্ত দেশের মর্যাদা ধরে রাখতে পারবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *