বিনোদন ডেস্ক:
চার বছর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান। সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেওয়া তার বক্তব্যের প্রসঙ্গ টেনে অভিনেত্রী লেখেন, দীর্ঘদিন পর হলেও কিছু সত্য প্রকাশ্যে এসেছে, যার মাধ্যমে মানুষ জানতে পেরেছে যে তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।
পরীমণির দাবি, পরে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন, সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। সময় লাগতে পারে, কিন্তু সত্যকে চিরদিন চাপা রাখা যায় না।
নিজের ভোগান্তির কথা তুলে ধরে পরীমণি বলেন, গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবেই জীবন কাটাচ্ছেন। তার ভাষায়, যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে এবং তার সম্মান, নৈতিকতা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।
রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেত্রী লেখেন, আদালত যদি তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ও, তবুও হারিয়ে যাওয়া সময়, সম্মান এবং মানসিক শান্তি কি আর ফিরিয়ে দেওয়া সম্ভব? মানুষের মনে তার সম্পর্কে যে নেতিবাচক ও বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না— সেই প্রশ্নও তোলেন তিনি।
পরীমণি বলেন, তিনি কখনোই বিতর্কিত পরিচয়ে পরিচিত হতে চাননি। একজন শিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছেন। কিন্তু একটি ঘটনার অভিঘাত তার পুরো জীবনকে বদলে দিয়েছে, যার দায়ভার এখনও তাকে বহন করতে হচ্ছে।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, তার কোনো প্রতিশোধের আকাঙ্ক্ষা নেই। তিনি শুধু সত্য, ন্যায়বিচার এবং মানবিকতার পক্ষে কথা বলতে চান। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এ ধরনের অন্যায়ের শিকার না হন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।
কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, তাদের ভালোবাসা ও সমর্থনই তাকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে অভিনেত্রী লেখেন, তিনি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চান না। নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকের ভালোবাসা নিয়েই নতুনভাবে জীবনকে এগিয়ে নিতে চান।
প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে নিজ বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলাও বিচারাধীন।