মো:শফিকুল ইসলাম:
চট্টগ্রামের রাউজান উপজেলার জঙ্গল রাউজান এলাকায় এক প্রবাসীর পরিবারের সদস্যদের প্রাণনাশ ও লাশ গুমের হুমকি এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ ফুল মিয়া।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন নুরিয়া মাদ্রাসা গলির ৪ নম্বর রোডে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার ফুল মিয়া (৪৮) দাবি করেন, রাউজান উপজেলার আখিরখীল গ্রামের সাইফুল, মো. বেলাল (২৯) ও রফিক ওরফে কংকর রফিকসহ একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করে আসছে এবং চাঁদা দাবি করছে। তাঁর বড় ছেলে রবিউল হোসেন নিপন ওমানে প্রবাসী হিসেবে কর্মরত।
ফুল মিয়ার অভিযোগ, গত ১৮ আগস্ট কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর ‘সিদ্দিক আহমদের বাসভবনে’ গিয়ে তাঁকে খোঁজ করেন। তাঁকে না পেয়ে পরিবারের সদস্যদের সামনে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ২৫ আগস্ট দুপুর ২টা ৮ মিনিটে বেলাল তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে বড় অঙ্কের টাকা দাবি করেন। ওই দাবির প্রতিবাদ জানালে টাকা না দিলে কিংবা আইনের আশ্রয় নিলে পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ফুল মিয়া।
ভুক্তভোগী জানান, এসব ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগে তিনি গত ২৫ আগস্ট রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ১২৪০। তাঁর অভিযোগ, জিডি করার পর প্রায় দুই মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিবারটি আরও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে ফুল মিয়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।