নিজস্ব প্রতিনিধি: রাজধানীজুড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অভিযানে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে সর্বোচ্চ ১০৪ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মিরপুরে ৮৩ জন, গুলশানে ৩৮ জন, উত্তরায় ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪ জন রয়েছেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫টি ইয়াবা বড়ি, ৯ কেজির বেশি গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।