রাজবাড়ীতে আদালত থেকে ফেরার পথে যুবককে লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীতে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আমির হোসেন লিটন (৩৫) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে তিনি ডান হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজবাড়ী শহরের পৌর ইউ মার্কেটের ফুসকা পয়েন্ট দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিচাত্রা গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে। তিনি বানীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী আহমেদ মিয়া জানান, আদালতে হাজিরা শেষে তারা রিকশায় করে রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর এলাকা পার হওয়ার সময় একটি অটোরিকশা থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার ছোট ভাই লিটনের হাতে গুলি লাগে। পরে আরও দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তার পেট ছুঁয়ে যায় বলে তিনি জানান।

আহত লিটন জানান, একটি পারিবারিক মামলায় হাজিরা দিতে মঙ্গলবার রাজবাড়ী আদালতে এসেছিলেন তিনি। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মামলার অপর পক্ষের একজনের সঙ্গে রিকশায় করে কাপড় বাজারের উদ্দেশে রওনা হন। পান্না চত্বর এলাকা পার হওয়ার সময় পাশ দিয়ে যাওয়া একটি অটোরিকশা থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার ডান হাতে গুলি লাগে।

তিনি আরও জানান, গুলির শব্দ শুনে রিকশা থেকে লাফ দিয়ে নামেন তিনি। এ সময় অটোরিকশা থেকে ইনসান ও সালেহ আহমেদ সুজন নামে দুজনকে নামতে দেখেন। তাকে লক্ষ্য করে মোট তিন রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেন তিনি।

লিটনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সালেহ আহমেদ সুজন ইনসানকে দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে আনার সময় রোগী স্বাভাবিক ছিলেন। তার ডান হাতে একটি ক্ষতচিহ্ন দেখা যায়। পরে জানা যায়, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এক্স-রে পরীক্ষায় ক্ষতস্থানে বুলেটের অস্তিত্ব পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। পরে বুলেট অপসারণের জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *