রাজশাহীতে তরুণীকে লাঞ্ছিত ও স্বজনদের মারপিট, গ্রেফতার ২

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় চিকিৎসাসেবা নিতে আসা এক তরুণীকে শ্লীলতাহানি, তার সঙ্গে থাকা স্বজনদের মারপিট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর এলাকার লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)।

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে লক্ষ্মীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ওই শ্লীলতাহানির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন ওষুধ কেনার উদ্দেশ্যে রূপা খাতুন (১৯) নামে এক তরুণী তার দুই নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর এলাকার একটি ফার্মেসিতে যান। এ সময় মাসুদ রানা নামে এক ব্যক্তি তাদের পথরোধ করেন। তিনি তার পরিচিত একটি দোকান থেকে ওষুধ কেনার প্রস্তাব দেন।

তবে ওই প্রস্তাবে রাজি না হওয়ায় মাসুদ রানা তাদের গালাগাল করতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মাসুদ রানা ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান।

এ সময় রূপা খাতুনের ওড়না ধরে টানাটানি করে তাকে শ্লীলতাহানি করা হয় এবং তার সঙ্গে থাকা নিকটাত্মীয়দের মারপিট করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। পরে শনিবার মহানগরীর রাজপাড়া থানায় ভুক্তভোগীর স্বামী তৌহিদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর শনিবার রাতে পুলিশের একটি বিশেষ দল মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে লাবিব সারাফাত রিদান ও হামিদুল আলম সনিকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই মামলার অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *