অনলাইন ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে ইজিবাইকের ব্যাটারি উৎপাদনকারী একটি কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। গভীর রাতে কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে তিনজনের একটি চক্র ভেতরে প্রবেশ করে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র।
শনিবার গভীর রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকার ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজের কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি চক্র কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা ওই কর্মকর্তার কক্ষের দরজার লক ভেঙে ভেতরে ঢোকে। একপর্যায়ে চক্রের সদস্যরা লি পেংগুইয়ের হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তার গলায় ছুরি ধরে লকারের চাবি নিয়ে নেয় তারা।
অভিযোগ অনুযায়ী, চাবি নেওয়ার পর লকার খুলে সেখানে থাকা ৭০ লাখ টাকা নিয়ে যায় চক্রটি। ঘটনার পর তারা কারখানা থেকে বেরিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রোববার দুপুরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।