রাজৈরে ডিবির জালে দুই নারী, উদ্ধার ৮ কেজি গাঁজা

শরীফুল ইসলাম:

মাদারীপুর জেলার রাজৈরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

সোমবার (১৫ জুন) রাতে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মানোরা গ্রামের শিরিন আক্তার (২৭) ও বিলকিস আক্তার (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে দুই নারীর নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করে তাদের আটক করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *