রাজৈরে বিএনপি নেতার বিরুদ্ধে চক্রান্ত ও ভুয়া তালিকা তৈরির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের রাজৈরে রাজনৈতিক ষড়যন্ত্র ও সামাজিক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা মেহেদী হাসান (লাল্টু সরদার)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কবিরাজপুর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবিরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আউটসোর্সিং কর্মী মেহেদী হাসান (লাল্টু সরদার)।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি কৃষি সারের ডিলারশিপ পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করার পর থেকেই একটি চক্র তার ডিলারশিপ প্রাপ্তিতে বাধা সৃষ্টি এবং সামাজিকভাবে হেয় করতে অপপ্রচার চালিয়ে আসছে।

মেহেদী হাসান দাবি করেন, পূর্বশত্রুতার জেরে তার চাচাতো ভাই সাইফুল সরদার (৪৫) তাকে ক্ষতিগ্রস্ত করতে এসব ষড়যন্ত্র করছেন।

তিনি আরও অভিযোগ করেন, কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের একটি ভুয়া তালিকা তৈরি করে সেখানে ২২ নম্বর ক্রমিকে অন্যায়ভাবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে ওই তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

মেহেদী হাসান সংবাদ সম্মেলনে বলেন, অতীতে কিংবা বর্তমানে তিনি কখনো আওয়ামী লীগ বা দলটির কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। তাকে রাজনৈতিকভাবে হেয় করা এবং কৃষি সারের ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করাই ওই ভুয়া তালিকা তৈরির মূল উদ্দেশ্য বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় তিনি ইতোমধ্যে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে তৈরি করা কথিত ভুয়া তালিকার বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *