রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ ট্রাক ও সিএনজি

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১,১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার মটের ঘাট থেকে উপজেলা সড়কের শিবগঞ্জ বোর্ডিংসংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. ফারুক আহমেদ (৪০)। তিনি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত শামছুদ্দীন এবং মাতার নাম আমেনা বেগম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হলে মাদক পরিবহনের সময় ফারুক আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১,১০৭ (এক হাজার একশ সাত) বোতল ফেনসিডিলের বিকল্প নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *