আন্তর্জাতিক ডেস্ক:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে একটানা সবচেয়ে বেশি সময় ধরে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ ১ হাজার ৪১৪ দিনে পৌঁছায়।
২০২২ সালের অক্টোবরে নির্বাচনে জয়ী হয়ে ইতালির প্রধানমন্ত্রী হন মেলোনি। এরপর থেকে টানা এই পদে রয়েছেন তিনি। এর আগে একটানা সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির। ২০০১ সালের ১১ জুন থেকে ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও রেকর্ড গড়েছেন মেলোনি।
রেকর্ড উদযাপন উপলক্ষে শুক্রবার ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারিতে সমাবেশের আয়োজন করে মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। সেখানে নিজের সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন তিনি।
মেলোনি বলেন, তার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো রাজনৈতিক স্থিতিশীলতা। এই স্থিতিশীলতা ইতালিকে আরও শক্তিশালী করেছে এবং দেশটির অর্থব্যবস্থার ওপর আর্থিক বাজারের আস্থা বাড়িয়েছে।
তিনি বলেন, সরকারি হিসাব সুশৃঙ্খল থাকলে সরকারের ওপর বিধিনিষেধ কম থাকে এবং নিজেদের অর্থ কোথায় ব্যয় করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে প্রায় ৮০ বছরে ৬৮টি সরকার ক্ষমতায় এসেছে। সেই তুলনায় মেলোনির সরকার দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ধরে রেখেছে। ২০২২ সালের অক্টোবরের পর একই সময়ে ফ্রান্সে পাঁচজন এবং যুক্তরাজ্যে চারজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন।
তবে মেলোনির সরকারের সমালোচনাও রয়েছে। বিরোধীরা অভিযোগ করছে, সরকারি প্রশাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারে সরকার তেমন অগ্রগতি করতে পারেনি। প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানোর পরিকল্পনাসহ কয়েকটি প্রাতিষ্ঠানিক সংস্কারও আটকে আছে বলে সমালোচকদের দাবি।
সাবেক প্রধানমন্ত্রী ও ফাইভ-স্টার মুভমেন্টের নেতা জিউসেপ্পে কন্তে বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকাই সাফল্যের প্রমাণ নয়। তার মতে, চার বছরের নিষ্ক্রিয়তা ও জড়তা দেশের পরিস্থিতিকে আরও গুরুতর করেছে।