নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে গাম্বিয়ার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ। আলোচনায় মামলাটির রায় ঘোষণার সম্ভাব্য সময় নিয়েও তথ্য জানিয়েছে গাম্বিয়া।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ২৩তম ওআইসি জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলনের সাইডলাইনে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জালোর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল জানান, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আইসিজেতে দায়ের করা মামলার রায় আগামী অক্টোবর মাসে ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য দায়বদ্ধতা নির্ধারণে আইসিজের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রেও এ রায় বড় প্রভাব ফেলতে পারে।
রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিজেতে মামলা পরিচালনায় গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা এবং এর একটি ব্যাপক ও টেকসই সমাধানে পৌঁছাতে বাংলাদেশ ও গাম্বিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।
হুমায়ুন কবির আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সময় রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক এজেন্ডায় সক্রিয় রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের প্রচেষ্টা এগিয়ে নিতে দুই দেশের সমন্বয় গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ও গাম্বিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।