আমির হোসেন:
বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, দেশপ্রেমিক একটি জাতীয়তাবাদের নাম বলে জানিয়েছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। তিনি বলেন, এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন রাষ্ট্র হবে জনগণের। তিনি চেয়েছিলেন, যেখানে গণতন্ত্র থাকবে, মানুষের স্বাধীনতা থাকবে, যেখানে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবে, রাষ্ট্র হবে জনগণের। তিনি সেটি প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন। তিনি ছিলেন সাহসী ও দেশপ্রেমিক নেতা। শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বরিশাল বিভাগের একমাত্র নির্বাচিত নারী এমপি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি পৌরসভা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
আলোচনা সভায় ইলেন ভূট্টো বলেন, জিয়াউর রহমান ছিলেন জাতির অভিভাবক। তাকে চট্টগ্রামে নৃশংসভাবে হত্যা করে জাতিকে পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাঁর স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও দেশকে এগিয়ে নিতে কাজ শুরু করেন। আপসহীনতার কারণে তাকে একাধিকবার কারাবাসে থাকতে হয়। এর পরেও তিনি দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছেড়ে যাননি। এমন মমতাময়ী মায়ের মৃত্যুর পরে বিশাল জানাজাই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন।
ইলেন ভূট্টো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। তাকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। জাতির দুঃসময়ে তিনি দেশের হাল ধরেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঝালকাঠি ও নলছিটির মানুষকে আবারও ‘সোনার মানুষ’ আখ্যা দিয়ে ইলেন ভূট্টো সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একসঙ্গে উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মাহেব আলম, নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানাসহ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।