বিনোদন ডেস্ক:
শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতেছেন ঢাকাই শোবিজের তারকারাও। উৎসবের আমেজে নিজেদের বর্ণিল সাজের ছবি প্রকাশ করে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী শারদীয় সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী সেমন্তী সৌমি।
১৮ অক্টোবর, সপ্তমীর সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন তিনি। ছবিতে সেমন্তীকে দেখা গেছে লাল পাড়ের সাদা শাড়ি ও ঐতিহ্যবাহী স্বর্ণালংকারে। সূক্ষ্ম সোনালি নকশার শাড়ির সঙ্গে ভারী গয়না তাঁর সাজে যোগ করেছে ভিন্নমাত্রা।
খোঁপা করা চুলে অলংকার, কানে ভারী ঝুমকা, গলায় কয়েক স্তরের মুক্তার মালা এবং কোমরে বিছা—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্যবাহী উৎসবের আবহ।
সেমন্তীর সাজে বিশেষভাবে নজর কেড়েছে হাতের আলতা। হাত ও আঙুলে আলতার ব্যবহার তাঁর সাজে শারদীয় ঐতিহ্যের ছোঁয়া এনে দিয়েছে।
প্রকাশিত ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে অভিনেত্রীকে। কোনো ছবিতে হাসিমুখে চুল ঠিক করছেন, আবার কোনো ছবিতে তুলে ধরেছেন অলংকৃত হাত ও আলতা রাঙা আঙুলের সৌন্দর্য। একটি ছবিতে ঘাসের ওপর শুয়েও পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা তাঁকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছেন।
এর আগে দুর্গোৎসব শুরু হওয়ার পর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিও নিজেদের নতুন ছবি প্রকাশ করে ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
দুর্গোৎসব ঘিরে তারকাদের এমন বর্ণিল আয়োজন ভক্তদের মধ্যেও উৎসবের আনন্দ ছড়িয়ে দিচ্ছে।