শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৪৭ লাখ টাকা, মিলল বিদেশি মুদ্রা, সোনা ও রূপা

সিলেট প্রতিনিধি:
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দ্বিতীয় দফায় দানবাক্স ও ডেগ খুলে গণনা করে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা, সোনা, স্বর্ণসদৃশ বস্তু ও রূপাও উদ্ধার হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের সিলগালা করা দানবাক্স ও ডেগ খোলা হয়। এরপর সেখান থেকে চার বস্তা টাকা বের করে গণনার কাজ শুরু করা হয়। এ কাজে অংশ নেন শাহজালাল (রহ.) মাজার মাদরাসার শিক্ষার্থীরা।

গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এবং মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।

অফিসিয়াল হিসাব অনুযায়ী, নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ৫৪ দশমিক ২ দিরহাম, ওমানের ১ দিনার ৪৫০ পয়সা, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ২০ মার্কিন ডলার, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১০ সিঙ্গাপুর ডলার, ২২ কাতারি রিয়াল, ৬ মালয়েশিয়ান রিংগিত এবং ৬০ পাকিস্তানি রুপি।

এ ছাড়া দানবাক্স থেকে ৯ গ্রাম সোনা, ১০ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপাও উদ্ধার করা হয়েছে।

মাজার কর্তৃপক্ষ সর্বশেষ গণনার পর থেকে ভক্তদের দেওয়া গবাদিপশুর হিসাবও প্রকাশ করেছে। এতে দেখা যায়, একটি গরু লঙ্গরখানায় জবাই করে রান্নার মাধ্যমে বিতরণ করা হয়েছে। এছাড়া দান করা ৬৫টি ছাগলের মধ্যে ৪০টি রান্না করে বিতরণ করা হয়। অবশিষ্ট ২৫টি ছাগল বিক্রি করে ১ লাখ ২৫ হাজার ৪০০ টাকা আয় হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুন প্রায় ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে ডাবল লক পদ্ধতিতে মাজারের মোট আটটি দানবাক্স খোলা হয়। সেদিন নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, কিছু স্বর্ণালঙ্কার ও দুটি সৌদি রিয়াল পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত করলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। সেই অর্থ হযরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় জমা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *