শাহ আলীতে সাংবাদিক সাইদুলের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, দু’বছরেও মেলেনি মোবাইল

মো: সাইদুল ইসলাম:

রাজধানীর শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ইউনুস রবিন এবং যুবলীগ নেতা মামুনসহ বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে সাংবাদিক সাইদুলের ওপর বর্বরোচিত হামলা ও মালামাল ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। প্রায় দুই বছর আগে ঘটে যাওয়া এই ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হলেও ছিনতাই হওয়া মোবাইল ফোনটি আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে শাহ আলী থানা এলাকায় সাংবাদিক সাইদুলের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলাকারীরা তাকে ব্যাপক মারধর করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল (হোন্ডা) ও মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হলেও দীর্ঘ দুই বছর ধরে চেষ্টা করেও মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের দাবি, শাহ আলী থানার পুলিশ যুবদল নেতা সোলেমান দেওয়ানের নির্দেশে এক অভিনব ও বিতর্কিত তৎপরতা চালাচ্ছে। অভিযোগ উঠেছে, বিগত ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগী যুবলীগ কর্মীদের যুবদলের ব্যানারে পুনর্বাসিত করে একটি সন্ত্রাসী বলয় তৈরি করা হয়েছে।

সোলেমান দেওয়ানের নির্দেশে পুলিশ এই চক্রটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং এই তথাকথিত যুবদল ও যুবলীগ কর্মীদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটটি এলাকায় বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক সাইদুল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ছিনতাই হওয়া মোবাইল ফোনটি দ্রুত উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত যুবদল নেতা ইউনুস রবিন, যুবলীগ নেতা মামুন এবং তাঁদের নেপথ্য মদদদাতা সোলেমান দেওয়ানসহ সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *