শিক্ষার্থীদের স্বামী-স্ত্রী আনার সুবিধা বাতিল করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাওয়া বিদেশি শিক্ষার্থীদের স্বামী বা স্ত্রীকে দেশটিতে আনার সুবিধা বাতিল করতে যাচ্ছে দেশটির সরকার। একই সঙ্গে অস্থায়ী অভিবাসীদের ভিসা পরিবর্তনের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসনসংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার কথা বলবেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। সেখানে তিনি ২০২৮ সালের মধ্যে দেশটির নিট অভিবাসন ২ লাখ ৫০ হাজারে নামিয়ে আনার ঘোষণা দিতে পারেন। বর্তমানে এই সংখ্যা প্রায় ৩ লাখ।

অস্ট্রেলিয়ায় থাকা বিদেশি শিক্ষার্থীদের স্বামী বা স্ত্রী বর্তমানে দেশটিতে এসে কাজের সুযোগ পান। তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর কোর্সের মেয়াদের ওপর নির্ভর করে তাদের কাজের সময় নির্ধারণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীরা তাদের স্বামী বা স্ত্রী এবং ১৮ বছরের কম বয়সী সন্তানদেরও অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে পারেন।

এদিকে অস্ট্রেলিয়ার চরম ডানপন্থি দল ‘ওয়ান নেশন পার্টি’ চলতি সপ্তাহে জানিয়েছে, তারা ক্ষমতায় এলে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ৭ লাখ ৫০ হাজার কমিয়ে দেবে। সাম্প্রতিক নির্বাচনগুলোতে দলটি ভালো ফল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়ান নেশন পার্টির দাবি, অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপর চাপ কমাতে অস্থায়ী অভিবাসীর সংখ্যা কমানো প্রয়োজন। একই সঙ্গে দলটি নিট অভিবাসন ১ লাখ ৩০ হাজারে নামিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে।

করোনা মহামারির পর অস্ট্রেলিয়া বিদেশিদের জন্য আবারও সীমান্ত খুলে দেয়। এরপর দেশটিতে অভিবাসীর সংখ্যা বাড়তে থাকে। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে দেশটিতে অভিবাসন উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *