বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা ইমরান হাশমির সামনে শুটিং সেটে ক্রেন থেকে ছিটকে একটি এসইউভি গাড়ি নিচে থাকা ভ্যানের ওপর আছড়ে পড়েছে। আকস্মিক এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান অভিনেতা। তবে এ ঘটনায় তিনি কোনো আঘাত পাননি বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শুটিংয়ের পেছনের দৃশ্যের একটি ভিডিওতে ঘটনাটি দেখা যায়। ভিডিওতে শুটিং সেটে কর্মীদের গাড়িটি ঘোরানোর প্রস্তুতি নিতে এবং কাউন্টডাউন দিতে দেখা যায়। এরপর ক্রেনে ঝুলে থাকা এসইউভিটি উল্টে গিয়ে হঠাৎ নিচে পড়ে যায়। এতে সেটে উপস্থিত সবাই অপ্রস্তুত হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য শুটিং ব্যাহত হয়।
অ্যাকশনধর্মী একটি ছবির ক্লাইম্যাক্স দৃশ্য ধারণের জন্য ঝুঁকিপূর্ণ এই স্টান্টের আয়োজন করা হয়েছিল। তবে গাড়িটি ক্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনাটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, নাকি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল—তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার পর শুটিং সেটের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। অ্যাকশন দৃশ্য ধারণের সময় সামান্য যান্ত্রিক ত্রুটিও যে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, তা আবারও সামনে এসেছে।
স্বস্তির বিষয়, এ ঘটনায় ইমরান হাশমি আহত হননি। তবে ঘটনাটি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।