বিনোদন ডেস্ক:
টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে খুব শিগগিরই দেখা যাবে দেবের বিপরীতে ‘দেশু৭’ সিনেমায়। আসন্ন পূজায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এরই মধ্যে শুভশ্রীর রান্না করা নিয়ে মুখ খুলেছেন তার স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী।
একসময় সাবেক প্রেমিক দেবের সঙ্গে শুভশ্রীর দূরত্ব তৈরি হলেও গত বছর ‘ধূমকেতু’ সিনেমা মুক্তির সময় সেই দূরত্ব অনেকটাই ঘুচে যায়। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে দেব ঘোষণা দেন, পরের পূজায় শুভশ্রীর সঙ্গে জুটি হয়ে পর্দায় ফিরবেন তিনি। সেই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন এই জুটির ভক্ত-অনুরাগীরা।
এদিকে ‘দেশু৭’ সিনেমাকে ঘিরে দেব-শুভশ্রীর জুটি নিয়ে আলোচনা চলার মধ্যেই সামাজিক মাধ্যমে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ে। এমনকি তাদের সংসারে ভাঙনের গুঞ্জনও ওঠে। তবে এসব গুঞ্জনের মধ্যেই ছেলে ইউভানের জন্মদিনে শুভশ্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন রাজ চক্রবর্তী। স্ত্রীকে মাতৃত্বের জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংসারের সবাইকে একসঙ্গে বেঁধে রাখার জন্য তাকে ধন্যবাদও জানান।
অন্যদিকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নতুন রিয়েলিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’র প্রিমিয়ারে এসে শুভশ্রীর রান্না করা নিয়ে কথা বলেন রাজ। এ অনুষ্ঠানটি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হচ্ছে।
অনুষ্ঠানে সাংবাদিকরা রাজের কাছে জানতে চান, শুভশ্রীর করা কোন রান্নাটি তার সবচেয়ে বেশি পছন্দ। জবাবে রাজ জানান, বাড়িতে শুভশ্রীর রান্নাঘরে প্রবেশেরই অনুমতি নেই।
রাজ চক্রবর্তী বলেন, ‘শুভশ্রীকে আমরা রান্নাঘরে ঢুকতে দিই না। শুভশ্রী রান্না করবে, আমরা সেটা চাইও না, বলিও না। কেন রান্না করবে? ওর জায়গায় আমরা রান্না করব।’
তিনি আরও বলেন, ‘শুভশ্রীর শাশুড়ির কড়া নির্দেশ আছে— ও রান্নাঘরে পা-ই রাখতে পারবে না। চৌকাঠও পেরোতে পারবে না। নো ওয়ে।’
এর আগে বিয়ের পরপরই ‘দিদি নাম্বার ১’ অনুষ্ঠানে এসে শ্বশুরবাড়ির সবার প্রশংসা করেছিলেন শুভশ্রী। সে সময় তিনি জানিয়েছিলেন, বিয়ের পর থেকে শাশুড়ি তাকে খুব যত্নে আগলে রেখেছেন এবং বাড়ির কোনো কাজ করতে দেন না। শাশুড়ি সবসময় চান, বউমা যেন রানি হয়ে থাকেন।
শুভশ্রী আরও জানিয়েছিলেন, সকালে ঘুম থেকে ওঠার পর তার জন্য প্রথম কফিটিও শাশুড়িই নিয়ে আসেন। বিয়ের আগে সামান্য রান্নার শখ থাকলেও শাশুড়ির কড়া নির্দেশে সেই অভ্যাসও এখন অনেকটাই ভুলতে বসেছেন তিনি। কারণ শাশুড়ি চান না, অভিনেত্রী বউমা রান্না করুন।
উল্লেখ্য, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির প্রেম ছিল টালিপাড়ার অন্যতম আলোচিত বিষয়। ২০১৮ সালে তারা বিয়ে করেন। বিভিন্ন আলোচনা ও বিতর্ক পেছনে ফেলে তারা সংসার করছেন। রাজ বরাবরই স্ত্রী শুভশ্রীর প্রশংসা করে আসছেন। এমনকি তিনি অকপটে জানিয়েছেন, দুই সন্তানের চেয়েও বেশি ভালোবাসেন নিজের স্ত্রীকে।