আশুলিয়া জেনারেল হাসপাতালে সেবার নামে রোগীদের হয়রানি

মোঃ সাইদুল ইসলাম:

সেবা দেওয়ার নামে আশুলিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের অত্যন্ত দুর্বল ও লেজেগোবরে ম্যানেজমেন্টের কারণে প্রতিনিয়ত রোগীদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে এবং সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছে।

সরেজমিনে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের রোগীরা শুরু থেকেই অব্যবস্থাপনার মুখোমুখি হন। টিকিট কাটা থেকে শুরু করে ডাক্তার দেখানো, টেস্ট করানো এবং ওষুধ নেওয়ার প্রতিটি ধাপে রয়েছে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা। হাসপাতালের প্রশাসনিক তদারকি না থাকায় দালাল চক্রের দৌরাত্ম্য এবং কর্মকর্তা-কর্মচারীদের খামখেয়ালিপনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী রোগী জানান, এখানে সেবার নামে শুধু টাকা নেওয়ার ফন্দি করা হয়। ছোটখাটো বিষয়েও নানা অজুহাত দেখিয়ে টেস্টের নামে অতিরিক্ত টাকা নেওয়া হয়, অথচ রিপোর্টের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। হাসপাতালের ম্যানেজমেন্ট এতটাই দুর্বল যে কোনো অভিযোগ জানানোর মতো সঠিক লোকও খুঁজে পাওয়া যায় না।

আরেক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালটি নামেই জেনারেল হাসপাতাল, কিন্তু কাজের বেলায় সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না। এখানে সেবার চেয়ে হয়রানিই বেশি।” এলাকাবাসীর দাবি, আশুলিয়া ও এর আশপাশের বিপুলসংখ্যক পোশাকশ্রমিক ও সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতালটি। কিন্তু এখানকার বর্তমান যে বেহাল দশা, তাতে অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

হাসপাতালের ম্যানেজমেন্ট পুনর্গঠন এবং সেবার মান উন্নত না করলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি পুরোপুরি হুমকিতে পড়বে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও দায়িত্বশীল কেউ ক্যামেরার সামনে বা সরাসরি মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *