শ্রীপুরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

মেহেদী হাসান:

গাজীপুরের শ্রীপুরে একই রাতে পাশাপাশি দুই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল মজিদ সরকারের বাড়ি এবং পাশের বাছির সরকারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, চোরেরা দলবদ্ধভাবে রাতে ঘরের তালা ভেঙে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী গোদারচালা গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে ছাইদুল ইসলাম ঝুমন সরকার জানান, গত রাত দেড়টার দিকে তিনি ও তার স্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গভীর রাতে চোরেরা চেতনানাশক স্প্রে করে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৮০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। আমি সোমবার দুপুরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করে এসেছি।

অন্যদিকে একই রাতে পাশের বাড়িতে বাছির সরকারের ঘরেও একই কায়দায় চুরি সংঘটিত হয়। বাছির সরকারের ছেলে মামুন সরকারের স্ত্রী জানান, ঘটনার আগে অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেন তারা। গত শুক্রবার তিনি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে যান এবং শনিবার বাড়িতে ফিরে রান্নাঘরের হলুদ ও মরিচের গুঁড়ার কৌটা খালি দেখতে পান। পরে বাড়ির পাশের লটকন বাগানে ওই গুঁড়া ছড়িয়ে থাকতে দেখেন। সন্দেহ হলেও তা দিয়েই রান্না করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *