শ্রীপুরে বিকাশের তিন কোটি টাকা ডাকাতি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এস.এম. আকাশ আহমেদ:

গাজীপুরের শ্রীপুরে বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী প্রাইভেট কারে গুলি চালিয়ে তিন কোটি টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরান শেখ (২৪) ও রবিন আহম্মেদ (২২)। তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ। পুলিশ জানায়, গ্রেপ্তার ইমরান শেখ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির ঘটনায় মোট সাতটি মামলা রয়েছে। অপরদিকে রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে রবিন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিনের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

শনিবার গ্রেপ্তার দুজনকে ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ।

পুলিশের এই গ্রেপ্তারের ঘটনা গত ৯ অক্টোবর শ্রীপুরে সংঘটিত আলোচিত বিকাশের টাকা ডাকাতির ঘটনার তদন্তে নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী একটি প্রাইভেট কারের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা কর্মীদের মারধর ও গুলি করে তিন কোটি টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার সময় প্রাইভেট কারে ছিলেন বিকাশের ম্যানেজার হিমেল আহমেদ (৩৫), তার দুই সহকর্মী ও চালক। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে ক্রেডিট ম্যানেজার ফাহাদ হোসেন জানান, ঘটনার দিন বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা তিন সহকর্মী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউশন শাখা থেকে চারটি বস্তায় মোট চার কোটি টাকা নিয়ে প্রাইভেট কারে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা হন। গাড়িটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটি ঘিরে ফেলে।

প্রতিটি মোটরসাইকেলে দুজন করে ব্যক্তি ছিলেন বলে জানান তিনি। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা প্রাইভেট কারের সামনের বাম পাশের গ্লাস ভেঙে ভেতরে থাকা হিমেল আহমেদকে গুলি করেন। পরে চালকের পাশের গ্লাস ভেঙে গাড়িতে থাকা অন্যদের ওপর চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালানো হয়। এতে ফাহাদ হোসেন ও গাড়ির চালক আহত হন।

ফাহাদ হোসেনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা গাড়ির পেছনে রাখা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি নিয়ে শ্রীপুরের দিকে পালিয়ে যায়। প্রতিটি বস্তায় এক কোটি টাকা করে ছিল। ফলে ডাকাতরা মোট তিন কোটি টাকা নিয়ে যায় বলে দাবি করেন তিনি।

ঘটনার পর আহত ফাহাদ হোসেন নিজেই প্রাইভেট কার চালিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। অন্যদিকে গুলিবিদ্ধ হিমেল আহমেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত, ডাকাতির বাকি টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *