স্টাফ রিপোর্টার:-
দেশীয় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান বাড়ানোর লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে সাত দিনের ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা–২০২৬’। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টা ৬ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে মেলা পরিদর্শন করতে পারবেন।
শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের পণ্য একই প্ল্যাটফর্মে তুলে ধরা হচ্ছে। মেলায় অংশ নিচ্ছেন জুতা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, ভেষজ পণ্য ও প্রসাধনী, কৃষিপণ্য ও খাদ্যপ্রক্রিয়াজাত পণ্য, গহনা, হালকা প্রকৌশল, তথ্য–যোগাযোগ প্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের উদ্যোক্তারা।
ক্রেতা–বিক্রেতার মধ্যে সরাসরি সংযোগ তৈরি, দেশি পণ্যের পরিচিতি বাড়ানো এবং নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে এ মেলা উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে নারী উদ্যোক্তা, স্টার্টআপ, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগের সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্র হিসেবেও এ আয়োজনের তাৎপর্য রয়েছে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্প খাত। কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সম্পদের ব্যবহার, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার সঙ্গে এ খাতের বিকাশ গভীরভাবে জড়িত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তিনি জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ–পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা–২০২৬–এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করা হবে এটিই নতুন নীতিমালার মূল লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমইগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, সরবরাহব্যবস্থা এবং দেশি–বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু) এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আবদুন নাসের খান স্বাগত ভাষণ দেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার–২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারের ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এ মেলা দেশীয় উদ্যোক্তাদের উদ্ভাবন, সৃজনশীলতা ও উৎপাদন সক্ষমতাকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের নতুন দুয়ার উন্মোচনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।