সনদের চেয়ে মানবিকতা ও চরিত্র গঠনে গুরুত্ব দিতে হবে: ডিসি রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও চারিত্রিক উৎকর্ষ সাধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা জরুরি বলে মত দিয়েছেন শিক্ষাবিদ ও প্রশাসনের কর্মকর্তারা। এ লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হয় এক মতবিনিময় সভা।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের মানবিক, মানসিকভাবে সুস্থ এবং চারিত্রিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানের প্রতি খেয়াল রাখা, তাদের কথা শোনা এবং নিয়ম-শৃঙ্খলার চর্চা পরিবার থেকেই শুরু করতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি ও সামাজিক চাপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে। এ অবস্থা থেকে উত্তরণে বিদ্যালয়ে কাউন্সেলিং, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।”

সভার বিশেষ অতিথি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান বলেন, “একটি শিশু যখন নিরাপদ ও সহায়ক পরিবেশ পায়, তখন তার মেধা ও মনন—উভয়েরই বিকাশ ঘটে। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের বন্ধু হয়ে তাদের সমস্যা বোঝা। অভিভাবকদেরও সন্তানের ওপর শুধু একাডেমিক চাপ না দিয়ে তাদের মানসিক বিকাশের প্রতিও মনোযোগ দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস। তিনি বলেন, “রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি গড়ে তুলতেও বিশ্বাসী। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

সভায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার চাপ, মোবাইল আসক্তি, সময় ব্যবস্থাপনা এবং নৈতিক শিক্ষা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *