সমালোচকদের আইনি নোটিশ, ‘টক্সিক’ ঘিরে নতুন বিতর্কে যশ

বিনোদন ডেস্ক:
মুক্তির পর থেকেই নানা আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছে দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। এবার সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউ ও সমালোচনা করা কয়েকজন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে অভিনেতা যশ ও সিনেমাটির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত মেগাবাজেটের এই সিনেমা নিয়ে শুরু থেকেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। বেশ কয়েকজন চলচ্চিত্র সমালোচক ছবিটিতে অতিরিক্ত সহিংসতা, নারীর অবমূল্যায়ন এবং দুর্বল চিত্রনাট্যের অভিযোগ তুলেছেন। তাদের মতে, সিনেমাটিতে আকর্ষণীয় সিনেম্যাটোগ্রাফি ও বাণিজ্যিক ছবির প্রয়োজনীয় উপাদান থাকলেও দুর্বল গল্প ও সম্পাদনার কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘টক্সিক’।

এসব বিষয় নিয়ে সমালোচনা করার পরই কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক রিভিউয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় রিভিউয়ার প্রশান্ত রঙ্গস্বামী এবং কনটেন্ট ক্রিয়েটর সুরাজ কুমার তাদের পাওয়া আইনি নোটিশের ইমেইলের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ‘আইপ্লেক্স সফটওয়্যার প্রাইভেট লিমিটেড’ নামের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এসব নোটিশ পাঠানো হচ্ছে বলে তাদের পোস্টে জানা যায়।

আইনি নোটিশ পাওয়ার পর কয়েকজন ইউটিউবার ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, কোনো সিনেমার নেতিবাচক দিক নিয়ে মতামত বা সমালোচনা করলেই আইনি নোটিশ দেওয়া হলে তা স্বাধীন চলচ্চিত্র সমালোচনার ওপর চাপ তৈরি করতে পারে।

এরই মধ্যে গত ২২ আগস্ট বেঙ্গালুরুর একটি আদালত ‘টক্সিক’ সিনেমা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য প্রচার বন্ধে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। তবে আদালতের আদেশে বলা হয়েছে, নিরপেক্ষ রিভিউ বা গঠনমূলক সমালোচনা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

আদালতের এমন নির্দেশের পরও সাধারণ রিভিউয়ারদের কাছে আইনি নোটিশ পাঠানোর অভিযোগকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

তবে বিতর্কের মধ্যেও বক্স অফিসে ভালো সাড়া পাচ্ছে ‘টক্সিক’। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *