মো. বাদশা মিয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ ইসলাম জয় হত্যা ও মরদেহ গুমের চেষ্টার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার কুট্টাপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কুট্টাপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে সুজন মিয়া (৩৫)।
র্যাব-৯ জানায়, গত ১০ জুলাই বিকেলে জিহাদ ইসলাম জয় তার বাবার সঙ্গে কুট্টাপাড়া এলাকার একটি মাছ ধরার স্থানে যান। পরে বাবার নির্দেশে মাছ বাড়িতে পৌঁছে দিয়ে পুনরায় সেখানে ফিরে আসার কথা থাকলেও তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে জিহাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় নিহতের বাবা সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।