স্বাধীন সংবাদ খেলা:
আসন্ন ২০২৬ গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সরাসরি লাল কার্ড পেলেও তার নিষেধাজ্ঞা বাড়ছে না বলে নিশ্চিত করেছে ফিফা। এর ফলে ৪০ বছর বয়সী এই তারকা ফুটবলারের বিশ্বকাপ মিশনের শুরুতে কোনো বাধা থাকছে না।
গত ম্যাচে আয়ারল্যান্ডের খেলোয়াড় দারা ও’শিয়ার পিঠে কনুই মারার অভিযোগে রোনালদোকে মাঠ ছাড়তে হয়। সে ম্যাচে ২-০ গোলে পরাজিত হয় পর্তুগাল দল। সাধারণত এমন আচরণের জন্য তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে রোনালদোর বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ফিফা কর্তৃপক্ষ।
বিবিসি স্পোর্ট জানায়, জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচ খেলে এবারই প্রথম লাল কার্ড দেখেছেন রোনালদো। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের সুনাম, নিয়ম ভঙ্গ না করার ইতিহাস এবং তার আচরণগত রেকর্ডই ফিফার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। এরই মধ্যে তিনি আর্মেনিয়ার বিপক্ষে ১৬ নভেম্বরের ম্যাচে এক ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করেছেন। ফলে বিশ্বকাপ শুরুর আগেই তার শাস্তি কার্যত পূর্ণ হয়েছে।
ফিফার বিবৃতিতে বলা হয়, আগামী এক বছরের মধ্যে রোনালদো যদি একই ধরনের কোনো অপরাধ করেন, তবে স্থগিত সিদ্ধান্ত বাতিল হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা তাৎক্ষণিক কার্যকর হবে।
বাছাইপর্বে পাঁচ গোল করে পর্তুগালকে নেতৃত্ব দেন রোনালদো। গ্রুপ এফের শীর্ষে থেকে তারা সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৪৮ দলের এই বিশ্বকাপের ড্র আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং তা সরাসরি সম্প্রচার করবে বিবিসি।