মোহাম্মদ হোসেন হ্যাপী:
বন্দর উপজেলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর শাখার সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জি.কে. রাসেল তার বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (৬ মে) সকালে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, এসব সংবাদ তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করা এবং ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার অংশ।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি কাজ করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই-বাছাই করার জন্য তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি সকলকে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।
বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, তার সম্মানহানি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে যেসব মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিক মহল ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর নেতৃবৃন্দও এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের নিন্দা জানিয়েছেন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন।