স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রাণ কোম্পানির জনপ্রিয় “ROBO” ড্রিংক্সের অবিকল নকল তৈরি ও বাজারজাত করার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র আসল ব্র্যান্ডের আদলে প্যাকেট, লেবেল ও রঙ ব্যবহার করে নকল “ROBO” ড্রিংক্স তৈরি করে আসছিল। এসব ভেজাল পানীয় স্থানীয় বাজারে শিশু ও কিশোরদের লক্ষ্য করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। আকর্ষণীয় প্যাকেজিং ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যগুলো সহজেই ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল।
তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে অভিযানে উঠে আসে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কিছু কর্মচারী ও ম্যানেজার নিজেরাই এসব পানীয় গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেন—যা পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠগড় এলাকার আলিফ আইসক্রিম ফ্যাক্টরিকে ১ লাখ টাকা এবং নাহিয়ান আইসবারকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও নকল ড্রিংক্স জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, জনস্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, “ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলমান থাকবে। ভেজাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের ও নকল খাদ্যপণ্য তৈরি করে আসছিল। তবে সাম্প্রতিক এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, নিয়মিত নজরদারি না থাকলে এ ধরনের কার্যক্রম আবারও ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযানকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং আরও কঠোর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন, যাতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন ভেজাল পণ্য পুরোপুরি বন্ধ করা যায়।