আব্দুর রশিদ:
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে সাতক্ষীরার সরকারি কলেজ মাঠে স্বনামধন্য চিকিৎসকদের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. শরিফুল ইসলাম।
ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ডা. রাজিব কওছার, ফারজানা ক্লিনিকের পরিচালক সি.এম. নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস-এর আরএসএম হাসানুল হক প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ কুমার, ডা. মনিরুজ্জামান মিলন, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. মিনাক, ডা. রাজু আহমেদ, ডা. মেহেরুপ এবং বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহসহ অন্যান্যরা।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফারজানা ক্লিনিক একাদশ বনাম মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার। নির্ধারিত ১৫ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করে মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার ১৫ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। দলের মেহেদী সর্বোচ্চ ৪৩ রান করেন।
জবাবে ফারজানা ক্লিনিক ১১ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৪ উইকেটে জয় লাভ করে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের রাকিব সর্বোচ্চ ৫৮ রান করেন।
ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবি কোর্স ফজলুল করিম ও শাহিনুর রহমান লিটু। স্কোরারের দায়িত্ব পালন করেন কৌশিক।
এ সময় সাতক্ষীরার স্বনামধন্য চিকিৎসক, সহকারী চিকিৎসকসহ অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।