হামজা-জামালদের কোচ হওয়ার দৌড়ে বিদেশি কোচদের ভিড়

স্বাধীন সংবাদ খেলা: 

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগ নিয়ে উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞ কোচরা এ পদে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে বাফুফের কাছে সাত থেকে আটজন বিদেশি কোচের সিভি জমা পড়েছে বলে জানা গেছে।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন জার্মানির অভিজ্ঞ কোচ অ্যান্টোইন হে, যিনি ইউরোপিয়ান কোচিং লাইসেন্সধারী এবং আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দলে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি মিয়ানমার, রুয়ান্ডা, কেনিয়া, লাইবেরিয়া, গাম্বিয়া ও লেসোথোর মতো দেশের জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। পাশাপাশি বাহরাইন ও লিবিয়া ফুটবল ফেডারেশনে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি শালকে ০৪ ও ফরচুনা ডুসেলডর্ফের মতো ক্লাবে খেলেছেন।

আরেক জার্মান কোচ বার্ন্ড স্টর্কও আবেদন করেছেন। তিনি হাঙ্গেরিকে ইউরো ২০১৬-তে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া কাজাখস্তান জাতীয় দল এবং বেলজিয়ামের ক্লাব সের্কেল ব্রুজেও তার কোচিং অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন ক্রোয়েশিয়া জাতীয় দলের সাবেক কোচ ইগোর স্টিমাচ। ৫৮ বছর বয়সী এই কোচ ক্রোয়েশিয়ার পাশাপাশি ভারতের জাতীয় দল ও বয়সভিত্তিক দল পরিচালনা করেছেন। তার অধীনে ভারত ২০২১ ও ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে।

ফরাসি কোচ দিদিয়ের অলে নিকোলও আবেদন করেছেন। তিনি ফ্রান্সের ক্লাব ওজিসি নিসে কাজ করার অভিজ্ঞতা রাখেন এবং ২০২১-২২ মৌসুমে পিএসজির নারী দলের দায়িত্বেও ছিলেন। এছাড়া তিনি বেনিন জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন।

পর্তুগালের অ্যান্টোনিও কন্সেইসাওসহ আরও কয়েকজন ইউরোপীয় কোচও তালিকায় রয়েছেন। বাফুফে সূত্রে জানা গেছে, অনেক আবেদনকারীরই ফিফা ও এএফসি স্বীকৃত উচ্চমানের কোচিং লাইসেন্স রয়েছে।

স্থানীয় কোচদের মধ্যেও আগ্রহ দেখা গেছে। মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা গেলেও মারুফুল হক জানিয়েছেন, তিনি কোনো আবেদন করেননি।

বাফুফের নির্বাহী কমিটির আসন্ন সভায় জাতীয় দলের নতুন কোচ নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের নেতৃত্বে নতুন পরিকল্পনা নিয়ে কোচ নির্বাচন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে চায় ফেডারেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *