ক্রীড়া প্রতিবেদক:
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে দীর্ঘদিনের আক্ষেপ থাকলেও সাদমান ইসলামকে নিয়ে এখনো আশাবাদী জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ৩০টি টেস্ট খেলেও ধারাবাহিক হতে না পারা এই ওপেনার আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও জায়গা পেয়েছেন।
সাদমানের দলে থাকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও আশরাফুল তার অভিজ্ঞতার ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, ‘সাদমান বাংলাদেশের হয়ে ৩০টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার অভিজ্ঞতা দিয়েই খেলবেন এবং যে জায়গায় তার সমস্যা হচ্ছে, সেটি উন্নত করার চেষ্টা করছেন।’
এদিকে দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরে জাকের আলি অনিকের ছন্দে ফেরার বিষয়েও আশাবাদী আশরাফুল। অনুশীলনে জাকেরের ব্যাটিং দেখে তিনি বলেন, ‘ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে সে রিদমে আসছেন। আশা করি সুযোগ পেলে ভালো করবেন, ইনশাআল্লাহ।’
চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না তরুণ পেসার নাহিদ রানা। তবে তার অনুপস্থিতিকে বড় দুশ্চিন্তা হিসেবে দেখছেন না আশরাফুল।
গতকাল মিরপুরে অনুশীলনের পর নাহিদের চোট নিয়ে আশরাফুল বলেন, ‘নাহিদ রানার যে ইনজুরি, এটা আমরা সবাই জানি। সে রিকভারি করছেন। প্রথম টেস্ট ম্যাচে সে অ্যাভেইলেবল না। পরে হয়তো ফিট হবেন। নির্বাচক, ক্যাপ্টেন ও কোচ—তারা হয়তো তাকে নিয়ে সিদ্ধান্ত নেবেন।’
নাহিদ না থাকলেও দলের পেস বোলিং বিভাগের ওপর আস্থা রাখছেন জাতীয় দলের এই ব্যাটিং কোচ। আশরাফুল বলেন, ‘আমাদের বাকি পেস বোলার যারা আছেন, আলহামদুলিল্লাহ ভালো করছেন। অস্ট্রেলিয়ার মাঠেও নাহিদ রানা ছিল না। তারপরও আমরা দাপট দেখিয়ে একটি টেস্ট জিতেছি। দ্বিতীয় টেস্ট ম্যাচেও আমাদের পেস বোলাররা অসাধারণ বল করেছে। মাশাআল্লাহ, যারা খেলছেন এবং যারা সুযোগ পাচ্ছেন, তারা ভালো করছেন।’