সান্তোসের প্রধান নির্বাহী হলেন নেইমারের বাবা

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলের ক্লাব সান্তোসের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন নেইমারের বাবা নেইমার সিনিয়র। ৬১ বছর বয়সী তাঁর সঙ্গে প্রাথমিকভাবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি।

তবে চুক্তিতে রয়েছে বিশেষ শর্ত। আগামী ১২ ডিসেম্বর ক্লাবের নির্বাচনে বর্তমান সভাপতি মার্সেলো তেইশেইরা পুনর্নির্বাচিত হলে চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। সে ক্ষেত্রে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত সিইওর দায়িত্ব পালন করবেন নেইমার সিনিয়র।

সাংবাদিক লুকাস মুসেত্তি প্রথম এ খবর প্রকাশ করেন। পরে ইএসপিএন ব্রাসিলও বিষয়টি নিশ্চিত করে। নতুন দায়িত্বে তিনি ক্লাব সভাপতি তেইশেইরার ঠিক পরের অবস্থানে থাকবেন।

ক্লাবের ভেতরে এই নিয়োগকে বর্তমান পরিচালনা পর্ষদের প্রতি নেইমার পরিবারের সমর্থন হিসেবে দেখা হচ্ছে। যদিও ১২ ডিসেম্বরের নির্বাচনে তেইশেইরা প্রার্থী হবেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি।

তবে বড় দায়িত্ব পেলেও ফুটবল পরিচালনার কাজে সরাসরি হস্তক্ষেপ করবেন না নেইমার সিনিয়র। এ বিভাগের দায়িত্ব আগের মতোই ফুটবল পরিচালক আলেক্সান্দ্রে মাত্তোসের হাতে থাকবে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে সান্তোস জানায়, নেইমার সিনিয়র ক্লাবের ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। ফুটবল, বিপণন ও নতুন ব্যবসায়িক উদ্যোগসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন তিনি।

এ ছাড়া সিইওর দায়িত্বের পাশাপাশি ‘ইনস্তিতুতো মেনিনোস দা ভিলা’র সভাপতির দায়িত্বও পালন করবেন নেইমার সিনিয়র। প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

নতুন পদে যোগ দেওয়ার আগেই সান্তোসের সঙ্গে আর্থিক সম্পর্ক তৈরি হয়েছিল নেইমার সিনিয়রের। তাঁর প্রতিষ্ঠান এনআর স্পোর্টস সম্প্রতি ক্লাবটিকে ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রেইস দিয়েছে। প্রায় ১৬ লাখ পাউন্ড বা ২১ লাখ ডলারের সমপরিমাণ এই অর্থ দিয়ে ফরাসি ক্লাব মোনাকোর কাছে থাকা পুরোনো ঋণ পরিশোধ করে সান্তোস। এর ফলে ফিফার নিষেধাজ্ঞাও উঠে যায়।

এর বিনিময়ে ক্লাবের জার্সিতে স্পনসর প্রদর্শনের একটি জায়গা ছেড়ে দেওয়া হয়, যা পরে বাজারে বিক্রি করা হয়েছে। পাশাপাশি এনআর স্পোর্টসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়াম ও অনুশীলন মাঠের তিনটি পিচ সংস্কারে অর্থায়ন করছে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাখ রেইস।

পিচ সংস্কারের কাজ করবে ওয়ার্ল্ড স্পোর্টস। আগামী ২০ নভেম্বর প্রথম অনুশীলন মাঠের কাজ শুরুর অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

এখন সবার নজর ১২ ডিসেম্বরের ক্লাব নির্বাচনের দিকে। ওই নির্বাচনের ফলের ওপরই নির্ভর করছে ২০২৯ সাল পর্যন্ত নেইমার সিনিয়রের সিইও পদে থাকার বিষয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *