সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতি ও শ্রমিক কমিটির সভা অনুষ্ঠিত

হাসান আলী:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর অন্যতম ব্যস্ত পরিবহনকেন্দ্র সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল-এ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ সভায় ঈদের আগে সম্ভাব্য যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নবি উল্লাহ নবী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সায়দাবাদ আন্তজেলা বাস শ্রমিক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন।

এছাড়া সভায় বক্তব্য দেন শ্রমিক কমিটির সদস্য সচিব জামশেদুল আলম শ্যামল। পুরো সভা পরিচালনা করেন সায়দাবাদ আন্তজেলা মালিক সমিতির সদস্য সচিব জাহিদ আল লতিফ খোকা। উপস্থিত ছিলেন এহতেসাম উদ্দিন নকিব, শ্রমিক নেতা বিল্লাল হোসেন, শাহাবুদ্দিনসহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ঈদের সময় যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যায়। এ সময় কিছু অসাধু পরিবহনকর্মী বা দালালচক্র অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করে, যা সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ায় এবং পরিবহনখাতের সুনাম ক্ষুণ্ন করে। তাই এ বছর আগেভাগেই কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নবি উল্লাহ নবী বলেন, “সরকার নির্ধারিত ভাড়ার বাইরে এক টাকাও বেশি নেওয়া যাবে না। যদি কোনো পরিবহন বা কর্মী এ ধরনের অভিযোগে অভিযুক্ত হন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, টার্মিনালে শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত স্বেচ্ছাসেবক ও মনিটরিং টিম মোতায়েন করা হবে।

প্রধান বক্তা আলমগীর হোসেন বলেন, শ্রমিকদের সচেতন করা হবে যেন তারা যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেন এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় না করেন। তিনি বলেন, “ঈদ মানে আনন্দের যাত্রা। এই যাত্রা যেন কোনোভাবেই দুর্ভোগে পরিণত না হয়, সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ।”

সভায় যানজট নিরসনে কয়েকটি কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়। টার্মিনালে বাস প্রবেশ ও বের হওয়ার নির্দিষ্ট লেন কঠোরভাবে অনুসরণ, অবৈধ পার্কিং বন্ধ এবং দালালচক্রের দৌরাত্ম্য রোধে নজরদারি জোরদারের সিদ্ধান্ত হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মালিক-শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন ঈদযাত্রায় সায়দাবাদ টার্মিনাল দিয়ে যাতায়াতকারী লাখো যাত্রী নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *