স্টাফ রিপোর্টার:
চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় শৃঙ্খলা বজায় রাখার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সড়ক পরিদর্শন করেছে ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-৩২৭৩) নতুন আহ্বায়ক কমিটির ‘সবুজ-শ্যামল পরিষদ’-এর নেতৃবৃন্দ।
আজ সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ও আশপাশের বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে সংগঠনের নেতাকর্মী ও পরিবহন শ্রমিকরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন সড়ক ও টার্মিনাল এলাকা ঘুরে দেখেন এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের নেতৃত্ব দেন ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সুমন ভূঁইয়া, বদরুল আলম সবুজ ও জামশেদুল আলম শ্যামল।
মিছিল থেকে নেতৃবৃন্দ ঘোষণা দেন, সায়েদাবাদ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিস্তার বরদাশত করা হবে না। তারা পরিবহন শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং টার্মিনাল এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নেতাকর্মীরা ‘চাঁদাবাজি চলবে না, চলবে না’, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না, চলবে না’ এবং ‘মাদকমুক্ত সায়েদাবাদ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সড়ক ও টার্মিনাল এলাকায় সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিবহন শ্রমিক কিংবা সাধারণ যাত্রীদের হয়রানি করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তারা আরও বলেন, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বাস ও যাত্রী এখানে আসা-যাওয়া করেন। তাই এ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনসহ সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
কর্মসূচিতে ‘সুমন-সবুজ-শ্যামল ভাইয়ের ঘোষণা—চাঁদাবাজি, সন্ত্রাসী সায়েদাবাদ এলাকায় চলবে না, চলবে না’ এবং ‘সবুজ-শ্যামল পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে নেতৃবৃন্দ সায়েদাবাদ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন।