সিএমপির কোতোয়ালী থানা এলাকায় ওসি জাহেদুল কবিরের প্রথম অভিযান

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা এলাকায় দায়িত্ব গ্রহণের পর প্রথম অভিযানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার ও কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ৫৩ মিনিটের সময় বাদী নান্টু দাশ দোকান বন্ধ করার প্রাক্কালে একটি খাকি রঙের শপিং ব্যাগে তাঁর মোবাইল ফোন ও ব্যবসার নগদ টাকা রেখে দোকানের ক্যাশবাক্সের ওপর রাখেন। ব্যাগটিতে Redmi Note 10, Motorola G60 NFC, Motorola G60 NFC মোবাইল সেট এবং ব্যবসার নগদ ২ লাখ ১০ হাজার টাকা ছিল। সব মিলিয়ে চোরাই মালামালের মূল্য ২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদী দোকানের ভেতরে যাওয়ার পর দোকান তালাবদ্ধ করার সময় ক্যাশবাক্সের ওপর রাখা ব্যাগটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি দেখতে পান, তাঁর অগোচরে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি একটি অটোরিকশাযোগে দোকানের পাশের রাস্তায় এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন ব্যক্তি কৌশলে দোকান থেকে ব্যাগটি নিয়ে অটোরিকশাযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় বাদী নান্টু দাশ কোতোয়ালী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এজাহারের পরিপ্রেক্ষিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মোঃ মামুনুর রশিদসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাকলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ হেলাল (২৭) ও মিজানুর রহমান প্রকাশ আলাউদ্দিন (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ হেলাল (২৭) কুমিল্লার মুরাদনগর থানার মহিলা কান্দী এলাকার আব্দুর রহিমের ছেলে। বর্তমানে তিনি বাকলিয়া থানাধীন কালা মিয়া বাজার এলাকার আলম ফকিরের বিল্ডিংয়ে বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে। অপর গ্রেপ্তারকৃত মিজানুর রহমান প্রকাশ আলাউদ্দিন (২৬) কুমিল্লার মুরাদনগর থানার কুদাল কাটা মির্জাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার এলাকায় বসবাস করেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে তারা চোরাই মোবাইল ফোন মোঃ মনিরুজ্জামান মনু (৫৫)-এর কাছে বিক্রি করার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ মনিরুজ্জামান মনু (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ মনিরুজ্জামান মনু চট্টগ্রামের সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি মিজি পুকুর পাড় এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মোঃ হেলালের বিরুদ্ধে বিভিন্ন চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত সাতটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *