নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের সিগন্যাল উপেক্ষা করে একটি প্রাইভেটকার ফেলে পালিয়ে যান চালক। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ব্যাগডালা থেকে পাঁচটি বস্তাভর্তি প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট দেবু বড়ুয়া।
তিনি জানান, সকাল প্রায় ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বেপরোয়া গতিতে চলা একটি নিশান মডেলের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৩১৭) থামার সংকেত দেওয়া হয়। পুলিশি সিগন্যাল পেয়ে চালক গাড়িটি রাস্তার পাশে থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান।
পরে সন্দেহজনক পরিস্থিতিতে গাড়িটি তল্লাশি করে ব্যাগডালার ভেতরে সাদা রঙের পাঁচটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে দেখা যায়, সেখানে প্রায় ১০০ কেজি গাঁজা রাখা হয়েছে।
চালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্রাফিক সার্জেন্ট দেবু বড়ুয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবে বাড্ডা থানা পুলিশ।