সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন ২০২৬ তারিখে দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা সড়কে। এ সময় রুবেল মিয়া (৩২) ও কাউসার হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুবেল মিয়া সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার আমানউল্লাহর ছেলে এবং কাউসার হোসেন একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

একই দিন সকাল ৯টা ২০ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আক্তার ওরফে কানা আক্তার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কদমতলী শান্তিনগর কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

পরবর্তীতে বিকেল ৩টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ১০ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ী মাঝিপাড়া এলাকায় কুট্টির অফিসের সামনে অভিযান চালিয়ে মো. অজিদ মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের মাঝিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিনটি পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার রুবেল মিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। এছাড়া আক্তার ওরফে কানা আক্তারের বিরুদ্ধে একই থানায় ১৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে, যা তাকে এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কাজও চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *