স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদিরকে আসামি করায় স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন কাদির। তবে মামলার অভিযোগ ও তাঁর দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গত মঙ্গলবার ভোররাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এজাহারে ৫ নম্বর আসামি হিসেবে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাদিরের নাম রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল কাদির। তাঁর দাবি, ঘটনার রাতে জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতার কারণে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল তাঁকে মামলায় জড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন কাদির।
কাদিরের আরও অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিআই খোলা এলাকায় দলীয় পরিচয় ব্যবহার করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্মাণসামগ্রী—ইট, বালু, রড ও সিমেন্ট সরবরাহের নামে চাঁদাবাজি এবং জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। মাদক কারবারি ও কথিত চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওই গোষ্ঠী তাঁর ওপর ক্ষুব্ধ ছিল বলে দাবি তাঁর। এ কারণেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, আব্দুল কাদির নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ রয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে।
এদিকে কাদিরকে মামলায় আসামি করার ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাদিরের সক্রিয় ভূমিকা ছিল। তাঁরা মামলার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগের বিষয়ে বাদী সুলতানা ওমর স্বাধীনা এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।