মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার ‘ক’ জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের কাছে পরিচিত রফিকুল ইসলাম বাবু (৪৮)-এর বাড়ির উঠান থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার গিরদাইন এলাকার মোঃ মুছা মিয়ার ছেলে মোঃ শাহিন (২৭), বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় বসবাসকারী; সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান (২১) এবং একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিকভাবে পুলিশ তাদের মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের কথা জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের কারবার, সরবরাহ ও বিস্তার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা এবং জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।