সাদিয়া জাহান:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই প্রবাসী পুত্রের স্ত্রীদের কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় প্রতিবাদ করায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদকসেবী সন্ত্রাসীরা।
সোনারগাঁওয়ের বাংলাবাজার এলাকার পাঁচআনি গ্রামে গত রোববার (১৮ জানুয়ারি) রাতে এ নৃশংস ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় বিউটি আক্তার (৪৫) নামে ওই গৃহবধূকে রাতেই সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার গুরুতরতা বিবেচনায় ঢাকা মেডিকেল থেকে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে বিউটি আক্তার সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনায় বিউটি আক্তারের স্বামী আনোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, তার দুই ছেলে—মাজারুল ইসলাম ও শফিকুল ইসলাম—সৌদি আরব প্রবাসী। এই সুযোগে তার দুই পুত্রবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিলেন পাঁচআনি গ্রামের আতাবুরের ছেলে তারিকুল ইসলাম। এলাকায় তারিকুল একটি কিশোর গ্যাং তৈরি করেছে। সন্ধ্যায় তারা প্রকাশ্যে মাদক সেবন করে এবং বাধা দিলে হামলা চালায়।
গত রোববার সন্ধ্যায় তারিকুল ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দুই প্রবাসীর স্ত্রী সালমা আক্তার ও নিলুফা আক্তারকে নেশাগ্রস্ত অবস্থায় তাদের বাড়িতে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকারে তাদের শাশুড়ি বিউটি বেগম ছুটে আসলে তারিকুল, জিয়াউর, আতাবুর ও তাদের বন্ধুদের সঙ্গে তর্ক হয়।
ক্ষিপ্ত হয়ে তারিকুল ও তার গ্যাং বিউটি বেগমকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বিউটির দুই পুত্রবধূ রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরও কিল-ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে পিটানো হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও বাড়ির আলমারিতে থাকা ৫০ হাজার টাকা লুট করে নেয় এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়।
মঙ্গলবার মামলা করার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
সোনারগাঁও থানার ওসি মহিবুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে।