মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানা। তাঁর নেতৃত্বে থানার একটি চৌকস আভিযানিক দল সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার টিপুরদী এলাকার হানিফ মিয়ার ‘মায়ের দোয়া’ হোটেলের সামনের পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় গোয়ালদী পূর্বপাড়া এলাকার বাসিন্দা আজমাইন কবির সাহস (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত হুমায়ুন কবিরের ছেলে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (সিডিএমএস) পর্যালোচনায় দেখা যায়, আজমাইন কবির সাহসের বিরুদ্ধে ইতোমধ্যে আটটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। ফলে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।