সৌরজগতের বাইরে গ্রহ থেকে প্রথম রেডিও সংকেত শনাক্ত

প্রযুক্তি ডেস্ক:

সৌরজগতের বাইরে অবস্থিত একটি গ্রহ থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপ অ্যারে ব্যবহার করে এই সংকেত শনাক্ত করা হয়েছে। গবেষকদের দাবি, এটি কোনো ভিনগ্রহের প্রাণীর পাঠানো বার্তা নয়; বরং গ্রহটির শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও বায়ুমণ্ডলীয় প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত অরোরা বা মেরুজ্যোতি থেকে এই রেডিও তরঙ্গ তৈরি হয়েছে।

বিজ্ঞানীদের এই পর্যবেক্ষণকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ এর আগে সৌরজগতের বাইরের কোনো গ্রহ থেকে আসা রেডিও নির্গমনকে সরাসরি ওই গ্রহের সঙ্গে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। নতুন গবেষণায় রেডিও সংকেতের উৎস হিসেবে শনাক্ত করা হয়েছে বিটা পিকটোরিস বি নামের একটি বিশাল গ্যাসীয় গ্রহকে। গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত বিটা পিকটোরিস নক্ষত্রমণ্ডলের অংশ।

গবেষণাটি হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকস ও ইউনিভার্সিটি অব ওরেগনের গবেষকেরা করেছেন। গবেষণার ফলাফল অনুযায়ী, বিটা পিকটোরিস বি থেকে দ্রুত পুনরাবৃত্তি হওয়া এবং অত্যন্ত বৃত্তাকারভাবে মেরুকৃত রেডিও বার্স্ট শনাক্ত হয়েছে। পাশাপাশি সেখানে স্থায়ী রেডিও নির্গমনও দেখা গেছে। সংকেতগুলোর কম্পাঙ্ক ছিল প্রায় ০ দশমিক ৮৫ থেকে ৩ দশমিক ৫ গিগাহার্টজ।

গবেষকেরা জানান, সংকেতের উৎস নির্ধারণ করাই ছিল এ গবেষণার অন্যতম বড় চ্যালেঞ্জ। কারণ কোনো গ্রহ তার নক্ষত্রের খুব কাছাকাছি থাকলে সেখান থেকে পাওয়া রেডিও তরঙ্গ গ্রহের নাকি নক্ষত্রের—তা আলাদা করা কঠিন। এ ক্ষেত্রে কোয়েসারকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহারসহ বিভিন্ন পর্যবেক্ষণ বিশ্লেষণ করে গবেষকেরা সংকেতের উৎস বিটা পিকটোরিস বি গ্রহে নির্ধারণ করতে সক্ষম হন।

বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, ইলেকট্রন সাইক্লোট্রন মেসার ইনস্ট্যাবিলিটি নামের একটি প্রক্রিয়ার মাধ্যমে এসব রেডিও তরঙ্গ উৎপন্ন হতে পারে। শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে চার্জযুক্ত কণা দ্রুত চলাচল করলে এ ধরনের রেডিও নির্গমন তৈরি হতে পারে। পৃথিবীসহ সৌরজগতের বিভিন্ন গ্রহে অরোরা দেখা গেলেও সৌরজগতের বাইরের কোনো নির্দিষ্ট গ্রহ থেকে এ ধরনের রেডিও নির্গমন সরাসরি শনাক্ত করা এবারই প্রথম বলে গবেষকেরা জানিয়েছেন।

রেডিও সংকেত বিশ্লেষণের মাধ্যমে গবেষকেরা বিটা পিকটোরিস বি-এর চৌম্বক ক্ষেত্রের শক্তি সম্পর্কেও ধারণা পেয়েছেন। গবেষণাপত্রে গ্রহটির চৌম্বক ক্ষেত্রের উৎসস্থলে কমপক্ষে প্রায় ১ দশমিক ২৫ কিলোগস শক্তির চৌম্বক ক্ষেত্র থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এর মাধ্যমে সৌরজগতের বাইরের একটি গ্রহের চৌম্বক ক্ষেত্র সরাসরি পরিমাপের নতুন পথ তৈরি হয়েছে।

বিটা পিকটোরিস বি একটি তরুণ ও বিশাল গ্যাসীয় গ্রহ। গবেষকদের মতে, এর বয়স সৌরজগতের তুলনায় খুবই কম এবং এর শক্তিশালী চৌম্বকীয় কার্যকলাপের সঙ্গে গ্রহটির রেডিও নির্গমনের সম্পর্ক রয়েছে। গ্রহটির চারপাশের পরিবেশ ও নক্ষত্রের প্রভাবও এই প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে।

এই আবিষ্কার বহির্গ্রহের চৌম্বক ক্ষেত্র ও বায়ুমণ্ডল সম্পর্কে বিজ্ঞানীদের নতুন তথ্য দিয়েছে। ভবিষ্যতে আরও সংবেদনশীল রেডিও টেলিস্কোপ ব্যবহার করে কাছাকাছি অন্যান্য নক্ষত্রমণ্ডলের বড় গ্রহগুলো পর্যবেক্ষণ করার সুযোগ তৈরি হতে পারে। এর মাধ্যমে সৌরজগতের বাইরের গ্রহগুলোর চৌম্বক ক্ষেত্র, বায়ুমণ্ডল এবং মহাকাশীয় পরিবেশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।

তবে গবেষণাটি এখনো পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। তাই এর ফলাফলকে গবেষকদের প্রাথমিক বৈজ্ঞানিক অনুসন্ধান হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *